মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা পাবে জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্যও কোটা সংরক্ষণের নির্দেশ দিয়েছে। পূর্বের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারিত ছিল। তবে নতুন নির্দেশনায় এই কোটার অন্তর্ভুক্তির আওতায় জুলাই গণ-অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও রাখা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। ভর্তি প্রক্রিয়ায় এ কোটার আওতায় আবেদনকারীদের নির্দিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং ভর্তি কার্যক্রম চলাকালীন সময়ে মূল কপি প্রদর্শন করতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদ অথবা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নাম অন্তর্ভুক্ত গেজেট যাচাই করে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। যদি নির্ধারিত কোটার আবেদনকারী পাওয়া না যায়, তবে মেধা তালিকা থেকে যোগ্য শিক্ষার্থী ভর্তি করতে হবে, তবে কোনো অবস্থায় এই আসন শূন্য রাখা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।