নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্যিক টানাপড়েন আরও তীব্র আকার ধারণ করেছে। চলমান শুল্কসংক্রান্ত জটিলতার সমাধান না হলে, ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (৭ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে এখন আর কোনো আলোচনা হবে না।
আগে সমস্যার সমাধান, তারপর আলোচনা। আপাতত তাদের ৫০ শতাংশ শুল্কই দিতে হবে।”শুক্রবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। এর জেরে তিনি ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যা আগের ২৫ শতাংশসহ দাঁড়ায় মোট ৫০ শতাংশে। এর একটি অংশ ইতোমধ্যে কার্যকর হয়েছে, বাকি অংশ কার্যকর হবে ২৮ আগস্ট থেকে।
এই পদক্ষেপে ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই শুল্কারোপ অন্যায্য, অযৌক্তিক এবং ভিত্তিহীন।” বিবৃতিতে আরও বলা হয়, “ভারত বহুবার বলেছে, দেশের জ্বালানি নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিবেচনায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়।”এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অর্থনৈতিক চাপ আসুক বা না আসুক, দেশের স্বার্থে আমরা একচুলও পিছু হটবো না। কৃষকের অধিকার আমাদের কাছে সবার আগে।”
