নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে গাজার উদ্দেশে যাত্রার সময় আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বুধবার (৮ অক্টোবর) তিনি নিজেই ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি Freedom Flotilla Coalition–এর একজন সদস্য হিসেবে ‘কনশান্স’ নামের জাহাজে করে গাজার উদ্দেশে যাত্রা করছিলেন।ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম—বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমরা সমুদ্রে আটক হয়েছি এবং ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত।
এই বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে, আর এতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আমি আমার সব সহকর্মী ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যান।”উল্লেখ্য, গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি নৌবহর যাত্রা শুরু করে।
এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও অ্যাক্টিভিস্টরা অংশ নেন। এর অংশ হিসেবে ১ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘কনশান্স’ নামের জাহাজটি আন্তর্জাতিক সাংবাদিক ও চিকিৎসা পেশাজীবীদের নিয়ে গাজার পথে রওনা হয়। এ জাহাজেই বাংলাদেশের শহিদুল আলমও যাত্রা করেন।
