নিজস্ব প্রতিনিধি:
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের বড় ধরনের একটি কারিগরি সমস্যার কারণে সারা বিশ্বের লাখ লাখ মানুষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ব্যবহারকারীদের মধ্যে ভোগান্তি তৈরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্টারলিংকের শীর্ষ কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিষ্ঠাতা ইলন মাস্কও ক্ষমা চেয়েছেন।শুক্রবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইন্টারনেট সংযোগ বিপর্যয়ের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা (বাংলাদেশ সময় রাত ১টা) থেকে সমস্যার সূত্রপাত হয়। ওই দিন স্টারলিংক সংক্রান্ত ৬১ হাজারেরও বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, এই বিভ্রাট প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয় এবং এতে ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের অন্তত ৬০ লাখ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হন।নিকোলস জানান, মূল নেটওয়ার্ক পরিচালনার কাজে ব্যবহৃত একটি অভ্যন্তরীণ সফটওয়্যারে ত্রুটি ছিল, যা এই সমস্যার মূল কারণ।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতে এমন না ঘটে, সে জন্য আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, ‘বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্পেসএক্স এ সমস্যার প্রকৃত কারণ চিহ্নিত করে একটি স্থায়ী সমাধান দেবে।’উল্লেখ্য, ২০২০ সাল থেকে স্পেসএক্স পৃথিবীর নিম্ন কক্ষপথে ৮ হাজারেরও বেশি স্টারলিংক স্যাটেলাইট স্থাপন করেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী বিস্তৃত ও উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। তবে এত বড় পরিসরে বিভ্রাটের ঘটনা স্টারলিংকের ইতিহাসে এই প্রথম।
