নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ায় স্থানীয় এক যুবক দোকানদারের কান কামড়ে ছিঁড়ে ফেলেছে। অভিযুক্ত যুবকের নাম আসাদুজ্জামান সুমন।
ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট)। মঙ্গলবার দুপুরে থানায় মামলা হওয়ার পর বিষয়টি প্রকাশ পায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পচামাদিয়া গ্রামের মুদি দোকানদার আমানুজ্জামানের দোকানে সুমন হোসেন বাকিতে সিগারেট চান। দোকানদার তা দিতে অস্বীকৃতি জানান এবং আগের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন।
এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। এরপর সুযোগ বুঝে দোকানদারের ডান কানে কামড় দিয়ে ছিঁড়ে ফেলেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ওসি সোলাইমান শেখ জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
