নিজস্ব প্রতিনিধি:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। এমন কোনো শক্তি নেই যা এ নির্বাচন প্রতিহত করতে পারবে। ইতোমধ্যে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সব দপ্তর কাজ শুরু করেছে। আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই এবং আশা করছি সবার সহযোগিতায় তা সম্ভব হবে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরার পারন্দুয়ালীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি ও আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকে। বর্ষা শেষ হলে গ্রাম থেকে শহর—সবখানে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে। সম্ভাব্য প্রার্থীরা ভোটের জন্য ঘরে ঘরে যাবেন, পাড়া-মহল্লায় ভোটের অফিস হবে, সর্বত্র নির্বাচনের উচ্ছ্বাস দেখা দেবে।
তখন যাদের মনে সন্দেহ আছে, সেটিও দূর হয়ে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই শেষ হবে।তিনি জানান, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। আওয়ামী লীগ ও যুবলীগের ‘খুনি বাহিনীর’ হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি, যিনি স্থানীয় ছাত্রদল নেতা ছিলেন।
একই এলাকার আল আমিন ঢাকায় ছোট ব্যবসা করতেন, তাকেও গুলি করে হত্যা করা হয়। জেলার বাকি আটজন শহীদের কবরেও তিনি যাবেন।শফিকুল আলম বলেন, যারা জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের মর্যাদা অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
