যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য সৎ নয় : সালাহউদ্দিন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচনকে বিলম্বিত বা অনিশ্চিত করার জন্য বিভ্রান্তি সৃষ্টি করছে, তারাই জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায়। যারা বলে পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন প্রয়োজন, তাদের উদ্দেশ্য খারাপ।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত মৌন মিছিল-পূর্ব এক সমাবেশে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, যারা ১৬ বছর ধরে হাতপাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস দিয়েছে, তারাই এখন বলে পিআর পদ্ধতি ছাড়া আর কোনো নির্বাচন হবে না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে একটি দল, যারা সব সময় বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে—কখনো স্বাধীনতার বিরুদ্ধে, কখনো জনগণের বিরুদ্ধে, আবার কখনো মানুষের আবেগ-অনুভূতির বিরুদ্ধেও গেছে।

এবারও তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।তিনি আরও বলেন, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা খারাপ নয়। কিন্তু তারা যদি জনগণের ভোটে নয়, বরং নির্বাচনকে পিছিয়ে দিয়ে বা অনিশ্চিত করে রাষ্ট্রক্ষমতায় যেতে চায়, তাহলে তারা আসলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টায় আছে। আমাদের সংগ্রাম হচ্ছে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন নিশ্চিত করা।সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই মাসের মধ্যে যদি ‘জুলাই সনদ’ বা ‘জাতীয় সনদ’ প্রণয়ন না হয়, তাহলে এর দায় বর্তাবে সংস্কার কমিশন, জাতীয় ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকারের ওপর। বিএনপির ওপর দোষ চাপানো হচ্ছে যে বিএনপির কারণেই সংস্কার থেমে আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি সব সময়ই ঐকমত্যের জন্য এগিয়ে এসেছে।তিনি আরও বলেন, যারা এখন সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা করছে, সন্ধ্যার আগে চলে যাচ্ছে অথচ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না—তারা কারা?

কেউ ১৩ দলের, কেউ ১৪ দলের, কেউ নানা রকম ছোট দলের, যারা আওয়ামী লীগের সঙ্গেও ছিল। যদি তাদের মত শুনে সংস্কার কমিশন সিদ্ধান্ত নেয়, তবে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এতে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি প্রমুখ।