নিজস্ব প্রতিনিধি:
৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের দিন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১২ জন সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে লুকিয়ে ছিলেন। পরবর্তীতে, সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির সময় পলক এই কথাগুলো বলেন। শুনানিকালে তিনি আরও দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, তাকে জেলগেটেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে এবং তিনি জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ জানান। শুনানি শেষে আদালত ভাটারা থানার হত্যা মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, গত ৬ ফেব্রুয়ারি তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
