আন্তর্জাতিক ডেস্ক:
মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর রাজকীয় মন্ত্রিসভা এ ঘোষণা দেয়।মধ্য-ডানপন্থী অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) নির্বাচনে ৩৯৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে ৩১টি আসন বেশি পেয়ে দলটি সবচেয়ে বেশি আসন লাভ করেছে।
তবে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে।রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী আল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি আবাসনমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।নিয়োগের পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে আল মানসুরি বলেন, তার নিয়োগ ‘সত্যিই ঐতিহাসিক’।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পিএএমকে অন্যান্য দলের সঙ্গে জোট সরকার গঠন করতে হবে। তবে বড় ধরনের নীতিগত বিষয়ে মরক্কোর রাজা এখনও ব্যাপক ক্ষমতা রাখেন।আল মানসুরি বলেন, ‘কাজ আজ থেকেই শুরু হচ্ছে।’ প্রথমে দলের অভ্যন্তরে এবং পরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করার কথা জানান তিনি। ২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠার বছরই দলটিতে যোগ দেন আল মানসুরি। ২০০৯ সালে তিনি প্রথম নারী হিসেবে মারাকেশের মেয়র নির্বাচিত হন। ছয় বছর পর মেয়রের পদ হারালেও ২০২১ সালে আবারও নির্বাচিত হন।
নতুন সরকারের সামনে বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সামাজিক বৈষম্যসহ বেশ কিছু জরুরি সমস্যা রয়েছে। এসব সমস্যা বিশেষ করে তরুণদের ওপর ব্যাপক প্রভাব ফেলছে।আল মানসুরি বলেন, মরক্কোর জনগণ এবং বিশেষ করে তরুণদের কাছ থেকে সরকারের প্রতি ব্যাপক প্রত্যাশা থাকবে। নাগরিকদের উদ্বেগের বিষয়ে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান দিতে সরকার কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি।পিএএম পাঁচ বছরের মেয়াদে গড়ে বার্ষিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ২ শতাংশ মূল্যস্ফীতি এবং অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে।
নির্বাচনে পিএএমের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেন্ডেন্টস (আরএনআই)। বিদায়ী জোট সরকারের নেতৃত্ব দেওয়া দলটি পেয়েছে ৬৬টি আসন। ৬৫টি আসন নিয়ে তৃতীয় হয়েছে ডানপন্থী ইস্তিকলাল পার্টি। ইসলামপন্থী বিরোধী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (পিজেডি) পেয়েছে ৫৪টি আসন।
২০২১ সালের নির্বাচনে মাত্র ১৩টি আসন পাওয়া পিজেডি এবার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দলটি নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় করেছিল।পিজেডির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী আবদেলিলাহ বেনকিরানে ফলাফলকে ‘বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তবে পিএএমের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করেছেন তিনি। পিএএম ‘জালিয়াতিতে কলঙ্কিত’ বলেও দাবি করেছেন বেনকিরানে, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
তথ্যসূত্র: এএফপি।
