পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান সৌরভের।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করছে। এই ঘটনায় দুটি দেশ এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পরপরই ভারত পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দুটি দেশের মধ্যে প্রায় সমস্ত সম্পর্ক ভেঙে গেছে। ভারতীয়রা জানিয়েছে যে তারা আর কখনোই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। ভারতে পাকিস্তানের পিএসএল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানে পিএসএল সম্প্রচারে থাকা ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে। প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা এই বিষয়ে কথা বলছেন। সেই তালিকায় নতুন সংযোজন সৌরভ গাঙ্গুলি। তিনিও চান, যেকোনো মূল্যে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করতে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হলে সৌরভকে পেহেলগামের ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত সম্পর্ক ছিন্ন করা উচিত বলে বিভিন্ন মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেই বিষয়ে জানতে চাইলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘একশ শতাংশ, এটা (পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা) উচিত। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এইরকম ঘটনা ঘটে চলবে।’
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। তবুও ২০১৩ সালে একবার পাকিস্তান ভারতে খেলতে এসেছিল। কিন্তু এরপর থেকে আইসিসি ও এসিসি ইভেন্ট ছাড়া আর ক্রিকেট মাঠে দুই দেশের দেখা হয় না। সৌরভ গাঙ্গুলীর মতে, সব পরিস্থিতিতেই দুই দেশের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত। আইসিসি ও এসিসির টুর্নামেন্টেও যেন পাকিস্তানের মুখোমুখি করা না হয়, সেই জন্য আইসিসির কাছে চিঠি দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভ মনে করেন এটি সঠিক সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ‘বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।’