নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্র সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে হোয়াইট হাউসে এক বিশেষ নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই নৈশভোজে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পর্তুগালের বিশ্বতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্বদের এই জমজমাট আয়োজনে রোনালদোর উপস্থিতি ছিল সবার নজরকাড়া।নৈশভোজ শুরু হওয়ার আগে রোনালদোর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ট্রাম্প জানান, “আমার ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত।
তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে ব্যারন।” হাসতে হাসতে তিনি আরও বলেন, “মনে হচ্ছে, পরিচয় করিয়ে দেওয়ার পর ব্যারনের কাছে আমার সম্মান কিছুটা বেড়েছে।”এসময় ট্রাম্প রোনালদো ও তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।রোনালদোর পাশাপাশি এই অনুষ্ঠানে ছিলেন ইলন মাস্ক, অ্যাপল সিইও টিম কুক, ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এবং মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বোসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
উল্লেখ্য, লাস ভেগাসের ধর্ষণ মামলার অভিযোগ ও আইনি জটিলতার কারণে রোনালদো দীর্ঘদিন যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলছিলেন। ২০২৬ বিশ্বকাপের আগে তার এই সফরকে তাই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ৪০ বছর বয়সী রোনালদো এখন মাঠের বাইরেও কূটনৈতিক আলোচনায় যুক্ত হচ্ছেন। তিনি বিশ্ব শান্তি বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলতে আগ্রহী এবং সম্প্রতি তাকে ‘প্লেয়িং ফর পিস’ লেখা স্বাক্ষরিত একটি জার্সিও পাঠিয়েছেন।
