নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর নিত্যপণ্যের বাজারে গত দুই মাস ধরে সবজির দাম ক্রমাগত বেড়ে চলেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। আলু ও কাঁচা পেঁপে ছাড়া বেশিরভাগ সবজি এখন ৮০ থেকে ১০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এই চড়া দামের প্রভাবে খুচরা বাজারে বিক্রিও কমে গেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, করলা ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, ধন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা এবং লম্বা বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আলু পাওয়া যাচ্ছে ২৫ টাকায়, কাঁচা পেঁপে ৩০ টাকা, টমেটো ১৪০ টাকা এবং কাঁচা মরিচ ২০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হয়ে যাওয়া এবং টানা বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে, যার ফলে সরবরাহ কমেছে। এই ঘাটতির কারণে পাইকারি দামে চাপ বেড়েছে, যা সরাসরি খুচরা বাজারেও প্রভাব ফেলছে।
শুধু সবজি নয়, মাছ, মাংস ও ডিমের দামেও স্বস্তি নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৭০-১৮০ টাকায়। সোনালি মুরগির দাম ৩২০-৩৩০ টাকা কেজি। মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকায়।
এছাড়া, খোলা আটা এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়, যা আগে ছিল ৪০-৪২ টাকা। প্যাকেটজাত আটার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকা। খোলা ময়দা এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে, আগে যা ছিল ৫০ টাকা। প্যাকেটজাত ময়দার দাম বেড়ে হয়েছে ১৪০ টাকা, যা আগে ছিল ১৩০ টাকা।
ডালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ছোট দানার মসুর ডাল প্রতি কেজিতে ২০-২৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মোটা দানার মসুর ডাল ৫-১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
