কুকি চিন নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

আবদুল হাফিজ বলেন, কুকি-চিন ন্যাশনাল আর্মির সশস্ত্র কার্যক্রমের কারণে পার্বত্য অঞ্চলের কিছু উপজেলায় পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সেখানকার তরুণরা কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় বিপথে চলে যাচ্ছে।

এই পরিস্থিতির সমাধানে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, বর্তমানে কুকি-চিন গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চলছে এবং এ পর্যন্ত অভিযানে সাতজন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, পাশাপাশি অনেকে আহত হয়েছেন। গোষ্ঠীটি সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এছাড়া, গত আগস্টে লুট হওয়া প্রায় ছয় হাজার অস্ত্রের মধ্যে চারভাগের তিনভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টা চলছে এবং ধাপে ধাপে বাকি অস্ত্রও উদ্ধার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।