নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়িয়ে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, “চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ খুব শিগগিরই উন্মোচন করা হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।
”সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।সারজিস আলম লিখেছেন—“পঞ্চগড়ে এক মতবিনিময় সভায় আমি বলেছিলাম, তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজির সঙ্গে জড়িত। সাধারণ মানুষ এতে ভীষণভাবে ভুগছে। বিষয়টি উল্লেখ করার পর থেকেই তাদের ও তাদের কিছু সুবিধাভোগী কর্মীর গায়ে জ্বালা ধরেছে।প্রথমবার আমি শুধু সতর্ক করেছিলাম।

কিন্তু এবার যদি আপনারা চ্যালেঞ্জ করেন, তাহলে নিজের মুখ দেখানোরও জায়গা পাবেন না। কারণ আপনারা কত ধরনের অপকর্মে লিপ্ত এবং গত এক বছরে কত অবৈধ অর্থ কামিয়েছেন—সেটা আমার থেকেও আপনাদের ভালো জানা। তেঁতুলিয়ার সাধারণ মানুষও সব জানে। প্রমাণ প্রকাশ করা হলে তা শুধু তেঁতুলিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, পুরো বাংলাদেশ জানবে। তখন মুখ লুকানোর জায়গা পাবেন না।
বাংলাবান্ধা স্থলবন্দর থেকে পাথরের ট্রাকে চাঁদাবাজি, রাতে অবৈধ ড্রেজিং মেশিন বসিয়ে বালু-পাথর উত্তোলন, টেন্ডারবাজির নামে লুটপাট, বিভিন্ন প্রজেক্ট থেকে কমিশন আদায় কিংবা জেলার বাইরের ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া—সব কিছুই প্রকাশ করা হবে।কে কাকে দিয়ে কী করায়, কার ডান হাত কে, বাম হাত কে, কার পরিবারের সদস্য কোন কাজে জড়িত—সব তথ্য-প্রমাণ আমার কাছে আছে।চোরের মায়ের বড় গলার দিন শেষ।সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একেবারেই খুলে দেওয়া হবে।এখন শুধু সময়ের অপেক্ষা।”
