বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা মূল বেতনসহ রানিং অ্যালাউন্স যুক্ত করে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদানের জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে দেশের সব রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
কর্মবিরতির কারণে রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার ১০ ঘণ্টা পর যাত্রীদের সামনে উপস্থিত হন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, তাদের দাবির বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হন উপদেষ্টা ফাওজুল কবির খান। তার সঙ্গে ছিলেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলামসহ আরও কয়েকজন কর্মকর্তা।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, “দাবি থাকতে পারে, তবে ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা দুঃখজনক। এই বিষয়টি রেল মন্ত্রণালয়ের আওতায় নেই, অর্থ মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে। আলোচনা চলছে, এবং সমাধান হবে।”
এদিকে, কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মগুলো জনশূন্য। স্টেশনে থাকা ট্রেনগুলোর দরজাগুলো বন্ধ এবং যাত্রীরা ভিআইপি রুমের সামনে অপেক্ষা করছেন। এই অবস্থায় অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং উপদেষ্টার কাছে তাদের অসন্তোষ তুলে ধরেন।
