ধানমন্ডি ৩২ নম্বরে উত্তপ্ত পরিস্থিতি: বিক্ষুব্ধ ছাত্রদের হামলা ও অগ্নিসংযোগ

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে একদল ছাত্র বিক্ষোভকারীর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে বাড়িটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভাঙচুর চালিয়ে রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন লাগিয়ে দেয়।

ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ৩২ নম্বর বাড়ির সামনে না গিয়ে মিরপুর রোডে অবস্থান নিতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার রাতে একটি নিষিদ্ধ সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের প্রধান শেখ হাসিনা বুধবার রাতে ছাত্রদের উদ্দেশে ভাষণ দেবেন।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে “বুলডোজার মিছিল” নামে একটি কর্মসূচির ঘোষণা দেখা যায়। যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি।

তবে শেখ হাসিনার ভাষণের আগেই হামলার ঘটনা ঘটে।

একই দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহ নামের এক ব্যক্তির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলা হয়, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হবে।”

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। সেদিনও ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।