শেখ হাসিনার অতীত ভুলে না যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারকে ঘিরে চলমান আলোচনার প্রেক্ষিতে তার অতীত কর্মকাণ্ড স্মরণে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যারা শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন, তারা যেন তার অতীত কার্যকলাপ ভুলে না যান। জাতিসংঘের প্রতিবেদনে তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

”এক সাংবাদিক বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আলম বলেন, “বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যালোচনা করতে পারে। সাক্ষাৎকারটি এখনো পুরোপুরি পড়া হয়নি; পড়ার পর মন্তব্য জানানো হবে।”রয়টার্স, দ্য ইনডিপেনডেন্ট ও এএফপি বুধবার শেখ হাসিনার ওই সাক্ষাৎকার প্রকাশ করে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রেস সচিব আরও বলেন, “আমরা আওয়ামী লীগকে এখন কোথাও সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না। দু-একটা ঝটিকা মিছিল ছাড়া তাদের আর কোনো কার্যক্রম নেই।”তিনি আরও অভিযোগ করেন, “দেশের অর্থ আত্মসাৎ করে যুক্তরাজ্যের ব্যয়বহুল ল ফার্ম ভাড়া করে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে। আর দেশের ভেতরে কিছু ব্যক্তি আবার সেটিকেই সমর্থন ও প্রচার করছে।”