গাজায় ইসরাইলের হামলায় একদিনেই আরও ৮৯ জন নিহত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৯ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন অন্তত ৪৫৩ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বহু মানুষের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা, যদিও অনেক এলাকায় পৌঁছানো এখনও সম্ভব হচ্ছে না।শুক্রবার (২৫ জুলাই) তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরাইলি আগ্রাসনে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৫৮৬ জনে।

এই সহিংসতাকে ‘গণহত্যামূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানায়, গত একদিনেই হাসপাতালগুলোতে ৮৯টি মরদেহ ও শত শত আহত ব্যক্তি আনা হয়েছে। অনেক জায়গায় ধ্বংসস্তূপে চাপা পড়া বা রাস্তায় পড়ে থাকা মানুষদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।এছাড়াও নতুন করে ২৭৯ জন নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ায় সরকারি তালিকায় তাদের নাম যুক্ত হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে। একই সময়ে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি হামলায় আরও ২৩ জন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৩ জন এবং আহত হয়েছেন ৭ হাজার ২৭৫ জনের বেশি।চলতি বছরের ১৮ মার্চ ইসরাইল নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করলে, জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায়। এরপর থেকে নতুন করে আরও ৮ হাজার ৪৪৭ জন নিহত এবং ৩১ হাজার ৪৫৭ জন আহত হয়েছেন।