নিজস্ব প্রতিনিধি:
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১১ জনে। এ তথ্য জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।তিনি জানান, কুনার প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে অন্তত ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন এবং ধসে পড়েছে প্রায় ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি। এখনো বহু মানুষ নিখোঁজ, যাদের উদ্ধারে তৎপরতা চলছে।
দুর্গম পার্বত্য এলাকায় সড়ক ভেঙে যাওয়া ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজে বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে।এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে আশঙ্কা প্রকাশ করেছেন, এখন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান আরও বাড়তে পারে। তিনি বলেন, প্রথম ২৪ ঘণ্টায় ভূমিধস ও পাহাড় ধসে পড়ায় দুর্গত এলাকায় প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, ফলে সবার জন্য প্রবেশাধিকার সীমিত হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে কুনার ও নানগারহার প্রদেশে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
