ইসরাইলি হামলায় শিশু ও সাংবাদিকসহ নিহত ৭৮।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। রোববার ভোর থেকে দিনভর টানা ইসরাইলি বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক এবং খাদ্য সহায়তার অপেক্ষায় থাকা ৩২ জনও রয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং প্রায় ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে দিতে ইসরাইল সামরিক অভিযান আরও জোরদার করেছে। টানা বোমাবর্ষণ ও গোলাগুলিতে আল-কুদস হাসপাতালের পাশের তাঁবুতে আগুন ধরে যায়। রিমাল এলাকার এক আবাসিক ভবনে হামলায় পাঁচজন নিহত ও তিনজন আহত হন।

গাজার গণমাধ্যম কার্যালয়ের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা অভিযোগ করে বলেন, আবাসিক এলাকায় ইসরাইলি সেনারা রোবট ও বিস্ফোরক ব্যবহার করছে। তাঁর দাবি, গত তিন সপ্তাহে অন্তত ৮০ বার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবুও উত্তরাঞ্চল ও গাজা সিটি ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে প্রায় এক কোটি মানুষ।

গেল শুক্রবার গাজা সিটিকে আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করা হয়। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, “এটি কোনো যুদ্ধ নয়; পরিকল্পিতভাবে ঘরবাড়ি ভেঙে পুরো শহর ধ্বংস করা হচ্ছে। মানুষ নিরাপদ আশ্রয় পাচ্ছে না।”

রোববার হামলায় আল-কুদস আল-ইয়াওম টিভির সাংবাদিক ইসলাম আবেদ প্রাণ হারান। গাজার গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে অন্তত ২৪৭ সাংবাদিক নিহত হয়েছেন। অন্য হিসাবে এই সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। এছাড়া সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে আরও ২১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক।