নিজস্ব প্রতিনিধি :
আফগানিস্তান পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১১টার দিকে হওয়া এই ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নানগারহার ও কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত ১১৫ জনের বেশি মানুষকে ইতোমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর অন্তত তিন দফা আফটারশক রেকর্ড করা হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।
তীব্র কম্পন শুধু রাজধানী কাবুলেই নয়, প্রায় ২০০ কিলোমিটার দূরের এলাকাতেও অনুভূত হয়। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভবন কেঁপে ওঠে।উল্লেখ্য, গত বছর ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
