দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার স্পট মার্কেট থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে দুটি কার্গো এলএনজি আমদানির জন্য প্রায় ১,৩২৬ কোটি টাকা ব্যয় হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ।
জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথম কার্গোর জন্য ব্যয় নির্ধারিত হয়েছে ৬৫৪ কোটি ৩০ লাখ টাকার বেশি। এ কার্গোর এলএনজি প্রতি এমএমবিটিইউ-এর দাম ধরা হয়েছে ১৩.৮৭ মার্কিন ডলার। এটি ২০২৫ সালের ৫-৬ জানুয়ারির মধ্যে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় কার্গোর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৭২ কোটি ২৩ লাখ টাকা। এই কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১৪.২৫ মার্কিন ডলার। এটি ২০২৫ সালের ৯-১০ জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।
এই উদ্যোগ জ্বালানি চাহিদা মেটাতে সরকারের পরিকল্পনার একটি অংশ।
