যুদ্ধবিরতি ঘোষনার পরও গাজায় ইসরায়েলের হামলায় ৮০ জন নিহত।

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ৮০ জন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল গতকাল বুধবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। কাতারের আমির এ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। তবে চুক্তি স্বাক্ষরের পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

আলজাজিরার রিপোর্ট অনুযায়ী, কাতারের আমিরের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রাণ হারান অন্তত ৮০ জন ফিলিস্তিনি। এর মধ্যে গাজার কেন্দ্রস্থলে নিহত হয়েছেন ৩০ জন।

গাজা সিটির ইঞ্জিনিয়ার্স ইউনিয়ন বিল্ডিংয়ের কাছে এক ভয়াবহ আক্রমণে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, রেদওয়ান এলাকা থেকে আরও ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া মধ্য গাজার বুরুজি ক্যাম্পের কারাজ এলাকায় একটি ড্রোন হামলায় আরও পাঁচজন নিহত হন। এই ঘটনাটি ঘটে যখন লোকজন সেখানে একত্রিত হয়েছিল।

যুদ্ধবিরতির ঘোষণার পর গাজার সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করতে শুরু করেছিলেন। তবে দ্রুতই তারা আশঙ্কা করেন, নতুন করে হামলা হতে পারে। ফলে নিরাপত্তার জন্য তারা আবারও নিজ নিজ অবস্থানে ফিরে যান।

আলজাজিরার মধ্য গাজার দের এল-বালাহ অঞ্চলের এক সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণায় গাজার মানুষ কিছু সময়ের জন্য উদযাপন শুরু করেছিল। তবে হামলার আশঙ্কায় এ উদযাপন থেমে যায়। তার ভাষায়, “ড্রোন ও কামানের আক্রমণ আরও তীব্র হতে পারে বলে সবাই শঙ্কিত।”

অন্যদিকে গাজা সিটি থেকে আরেক সাংবাদিক জানান, যুদ্ধবিরতির ঘোষণার পর স্থানীয়রা প্রথমে আশাবাদী হয়েছিল। কিন্তু ইসরায়েলি আক্রমণের কারণে তাদের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি।