নিজস্ব প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্তে বহিষ্কৃত সাত নেতাকে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৪ অক্টোবর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সংশ্লিষ্টদের আবেদন ও বিস্তারিত পর্যালোচনার পর বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে।
দলে ফিরে আসা নেতারা হলেন—ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভালুকা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু,গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন,পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল,নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট,রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজনএবং মো. আলি সরকার।এই সাতজনকেই পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে ফিরিয়ে নিয়েছে বিএনপি।
