নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের আবেদন করে দায়ের করা রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।রিটকারীর উদ্দেশে আদালত বলেন, “দেশের মানুষ এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নির্বাচন স্থগিতের আবেদন করার মতো উপযুক্ত সময় এটি নয়। তাই এই ধরনের রিট এখন গ্রহণযোগ্য নয়।”রিট আবেদনকারী আইনজীবী ইয়ারুল ইসলাম জানান, “আদালতের অভিমত বুঝে দেশের বৃহত্তর স্বার্থে আমি রিটটি ‘নট প্রেস’ হিসেবে খারিজ নেওয়ার আবেদন করেছি।
এই মামলা আর চালাব না।”এর আগে, ৩ ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেছিলেন।রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি রুল জারির অনুরোধ এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়।
