শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলায় মোতায়েন হতে যাওয়া আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৃথক দুটি স্থানে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার। এ সময় বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম উপস্থিত থেকে সদস্য-সদস্যাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সকালে উজিরপুর উপজেলার আলহাজ্ব বি.এন. খান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে জানানো হয়, উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১১টি পূজামণ্ডপে ৭১৪ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার বলেন, বাংলাদেশ সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওপর আস্থা রেখে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। এ আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থী ও পূজারিরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম বলেন, আনসার-ভিডিপির সদস্য-সদস্যারা প্রশিক্ষিত। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতিফলন ঘটাতে হবে। পূজামণ্ডপের প্রবেশ ও বহির্গমনপথে সতর্ক দৃষ্টি রাখা, সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু নজরে এলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা-সংক্রান্ত সুরক্ষা অ্যাপ ব্যবহার করতে হবে। দায়িত্ব পালনকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং যাচাই না করা তথ্য বা গুজব প্রচার থেকে বিরত থাকতে হবে।

একই দিন আগৈলঝাড়া উপজেলার ভাগাই হালদার পাবলিক একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, আগৈলঝাড়া উপজেলার ১৬১টি পূজামণ্ডপে মোট ১ হাজার ৩২ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এ ব্রিফিংয়েও প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার সদস্য-সদস্যাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবহৃত সুরক্ষা অ্যাপের মাধ্যমে যেকোনো জরুরি তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে পরিস্থিতি বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। জরুরি পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসারের মোবাইল স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।

উপমহাপরিচালক আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা সুসংহত রাখতে হবে। দায়িত্ব পালনকালে সদস্য-সদস্যাদের নিজেদের নিরাপত্তার প্রতিও যত্নবান হতে হবে। বিশেষ করে ডেঙ্গুর ঝুঁকি এড়াতে মশার কামড় থেকে সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসতর্কতা অনুসরণের পরামর্শ দেন তিনি।

ব্রিফিং প্যারেডে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্ব পালনে পারস্পরিক সমন্বয়, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল বিভাগের ছয় জেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন তারা।