নিজস্ব প্রতিনিধি:
আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা এনইআইআর (NEIR) চালু করতে যাচ্ছে সরকার। এ ব্যবস্থার মাধ্যমে টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা বাড়ানো এবং অনিবন্ধিত, চুরি হওয়া ও অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।নতুন নিয়ম চালুর ঘোষণার পর থেকেই বাজারে অনিবন্ধিত ফোনের দাম বাড়তে পারে—এই আশঙ্কায় ক্রেতাদের তৎপরতা বেড়েছে। ভোক্তাদের অভিযোগ, সরকারি শুল্ক ও ভ্যাটের চাপে বৈধভাবে আমদানি করা ফোনের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে।
উদাহরণ হিসেবে, ২০ হাজার টাকার একটি ফোনে ৫৭ শতাংশ ভ্যাট যোগ হলে সেটির দাম ৫০ হাজার টাকারও বেশি হয়ে যায়। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ছাত্র-যুবকদের কাঙ্ক্ষিত ফোন কেনা কঠিন হয়ে পড়ছে।এদিকে ব্যবসায়ীরা অবৈধ ফোন আমদানির ওপর আরোপিত ৫৭ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি করেছেন।মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি মো. আসলাম বলেন, এ বিষয়ে সরকার আলোচনায় না বসলে ব্যবসায়ীরা আন্দোলনে যেতে বাধ্য হবেন।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, দেশে ঘটে যাওয়া ৭৩ শতাংশ ডিজিটাল প্রতারণায় অবৈধ স্মার্টফোন ব্যবহার করা হয়। এ কারণেই সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী চোরাচালানের সঙ্গে জড়িত থেকে এই উদ্যোগের বিরোধিতা করছে।সরকার জানিয়েছে, নির্বাচন সামনে রেখে অবৈধ ডিভাইস ব্যবহার বন্ধ, বাজার নিয়ন্ত্রণ, সুলভ দামে মোবাইল সরবরাহ এবং রাজস্ব বৃদ্ধি—এসব লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আইসিটি বিভাগের তথ্য অনুযায়ী, এনইআইআর চালুর আগের দিন পর্যন্ত নেটওয়ার্কে সক্রিয় থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। পরবর্তীতে বিদেশ থেকে আনা ফোন অনলাইনে নিবন্ধনের সুযোগও রাখা হবে।—
