আলমডাঙ্গায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদী গ্রামে এ ঘটনা  ঘটে। নিহত শিশুর নাম সোলাইমান ইসলাম লাবিব। তিনি ভোগাইলবগাদী গ্রামের মো. হাসান আলী ও সুমি খাতুন দম্পতির একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় লাবিব বাড়ির উঠানে খেলছিল। তার মা সুমি খাতুন ঘরের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ শিশুটিকে উঠানে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তার মা সুমি। এসময় লাবিবের বড় বোন বাড়ির সামনে বড় পুকুরে একটি শিশুর নিথর দেহ ভেসে থাকতে দেখে চিৎকার দিয়ে বাবাকে ডাকেন। পরে বাবা হাসান আলী পুকুরে নেমে শিশুটিকে উদ্ধার করলেও তাকে আর বাঁচানো যায়নি।
অকালে ফুলের মতো শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাত ৯টা ১৫ মিনিটে ভোগাইল কবরস্থানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।