২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

মীরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু।

লেখক: বাচ্চু পাটোয়ারী
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মীরসরাই উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ঢালাইয়ের মাত্র তিন দিন পর সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নির্মাণকাজে অবহেলার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির বাউন্ডারি ওয়ালের ওপর নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার কাজ করছিলেন বোরহান উদ্দিন। এ সময় হঠাৎ তোরণের ছাদ ধসে পড়লে তিনি প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো: ইয়াকুব নবী বলেন, দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে মরদেহ মীরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।