২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

ব্যবসার নামে ৫০ লক্ষ টাকা নিয়ে প্রতারক রাজিব উধাও!

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বিশেষ প্রতিবেদক:

ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের রাজিব আহমেদ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ইসলামী পোশাক, ধর্মীয় পরিচয় ও মিষ্টি কথার আড়ালে সাধারণ মানুষ, এলাকার বিত্তশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। টাকা নেওয়ার পর এক স্থান থেকে অন্য স্থানে আত্মগোপন করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীদের একজন গোপালপুর এলাকার আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন তাঁর অভিযোগ, রাজিব আহমেদের সহযোগী সাহের আলমের মাধ্যমে তাঁর সঙ্গে পরিচয় হয়। সাহের আলম একসময় এফডিএ নামের একটি সংস্থায় চাকরি করতেন এবং তাঁর সঙ্গে আইনজীবীর সহপাঠীর সম্পর্ক ছিল।

অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন জানান, সাহের আলম একদিন রাজিব আহমেদের কথা বলে তাঁকে ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেন। তাঁরা নাকি টাকার ব্যবসা করেন এবং সেখানে অংশীদার হলে ভালো লাভ পাওয়া যাবে—এমন আশ্বাস দেওয়া হয়। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে বিভিন্ন কৌশলে তাঁকে রাজি করানো হয়। একপর্যায়ে ব্যবসায় শেয়ার দেওয়ার কথা বলে রাজিব আহমেদের মাধ্যমে তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা নেওয়া হয়।

ভুক্তভোগী আইনজীবীর দাবি, ২০২১ সালে তিনি তাঁদের হাতে ৫০ লাখ টাকা তুলে দেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই তাঁরা নানা অজুহাত দেখাতে থাকেন। ব্যবসার লাভ তো দূরের কথা, দীর্ঘদিন পার হলেও মূল টাকাই ফেরত পাননি তিনি। টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে বারবার সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন
আরও অভিযোগ করেন, তিনি একা নন, রাজিব আহমেদ ও তাঁর সহযোগীরা ব্যবসার নামে এলাকার আরও অনেক মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। রাজিব আহমেদের বিরুদ্ধে আদালতে একাধিক প্রতারণার মামলা বিচারাধীন রয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগী আইনজীবী বলেন, “আমি চাই, রাজিব আহমেদ ও তাঁর সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা যারা টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছি, তাঁদের অর্থ ফেরত পাওয়ার ব্যবস্থা করা হোক। একজন মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে এভাবে বছরের পর বছর হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

অভিযোগের কেন্দ্রীয় ব্যক্তি রাজিব আহমেদের ঠিকানা ফরিদপুর পৌরসভার কমলাপুর এলাকার বটতলা বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
প্রতারক রাজিবকে একাধিক বার কল দিলে তিনি সাংবাদিক শুনামাত্র ফোন বন্ধ করে দেন।

রাজিবের এলাকাবাসীর দাবী সে আসলেই একজন বড় মাপের প্রতারক। তার জন্য এলাকার মানসম্মান নষ্ট হচ্ছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

এদিকে, ব্যবসার নামে অর্থ গ্রহণ, বিনিয়োগের প্রতিশ্রুতি এবং পরবর্তীতে টাকা ফেরত না দেওয়ার অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। ভুক্তভোগীদের বক্তব্য, অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।