সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি ।

লেখক: তালুকদার নাঈম
প্রকাশ: ১ বছর আগে

সুনামগঞ্জ প্রতিনিধি:

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে সুরমা, কুশিয়ারা, রক্তি, যাদুকাটাসহ সব নদ-নদীর পানি। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানির চাপ সৃষ্টি হওয়ায় বন্যা আতঙ্কে উদ্বিগ্ন সংশ্লিষ্ট এলাকাবাসী।রবিবার (১জুন ) দুপুরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্ট দিয়ে ৯০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬.৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার মাত্র ১০২ সেন্টিমিটার নিচে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭১ মিলিমিটার।এদিকে আগামী তিন দিন সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বাড়ছে। তবে নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ আগামী ২-৩ দিন নদ-নদীর পানি বেড়ে যাওয়ার শঙ্কা থাকলেও জেলার হাওরে পানি ধারণ ক্ষমতা থাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করবে না বলে জানান তিনি।