ডেস্ক রিপোর্টঃ:
এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাসজমিতে চাষাবাদ করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা দীর্ঘদিন ধরে চার বিঘা আয়তনের ওই জমিতে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল। মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ও শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযুক্ত হেকমত আলী সরকার সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। তিনি জমিটি নিজেদের বলে দাবি করেছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নওকৈড় গ্রামের শিশু-কিশোর ও তরুণেরা মাঠটি খেলাধুলার জন্য ব্যবহার করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে হেকমত আলী সরকারসহ কয়েকজন ট্রাক্টর দিয়ে জমিটি চাষ করে দখলে নেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত করে খেলার জন্য সংরক্ষণের দাবি জানান। সলপ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, চার বিঘা আয়তনের জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে ২০১৯ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সেখানে মাটি ভরাট করেছিলেন। তবে গুচ্ছগ্রাম নির্মাণ না হওয়ায় স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা জায়গাটিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছিল।
