শের-ই-বাংলা মেডিকেলে টাকা চুরির অভিযোগে আনসারের হাতে নারী আটক।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় রোগীর স্বজনের টাকা চুরির অভিযোগে রুনা নামে এক নারীকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ১০ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এলাকায় এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা যায়, ভর্তি থাকা এক রোগীর স্বজন শাহআলমের কাছে থাকা ১০ হাজার ৮৭০ টাকা চুরির অভিযোগ ওঠে ওই নারীর বিরুদ্ধে। টাকা নিয়ে যাওয়ার সময় বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে।

পরে আনসার সদস্যরা দ্রুত ওই নারীকে আটক করে তার কাছ থেকে টাকা উদ্ধার করেন।অভিযুক্ত রুনা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাবুল শিকদার। অপরদিকে, ভুক্তভোগী শাহআলম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব চৈতা গ্রামের বাসিন্দা। ঘটনার সময় দায়িত্ব পালনরত পিসি নাগর আলী, আনসার মাহামুদ ও নারী আনসার সোনিয়া তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওই নারীকে আটক করেন।

পরে আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। চুরি, দালালচক্রসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।