চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে সাড়ে ৬ লাখ নকল বিড়ি জব্দ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ শহরের জোয়ার্দ্দার পাড়ায় অভিযান চালিয়ে আকিজ ব্র্যান্ডের সাড়ে ছয় লাখ নকল বিড়ি জব্দ করেছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এই অভিযান চালানো হয়।অভিযানে ২৬টি বস্তা থেকে মোট ৬ লাখ ৫০ হাজার শলাকা নকল বিড়ি উদ্ধার করা হয়, যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।

জানা গেছে, এই নকল বিড়িগুলো পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আল্লারদরগা এলাকায় তৈরি করে চুয়াডাঙ্গায় এনে মজুদ করা হয়েছিল। অভিযানের সময় বাড়ির মালিক সাব্বির হোসেন (২৫) পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি।স্থানীয় এবং গোয়েন্দা সূত্রে খবর, সাব্বির, বাধন ও আনন্দ নামের তিনজন ব্যক্তি সোমবার রাতে মিরপুর থেকে এই বিড়ির চালানটি এনে বাড়িটিতে রাখেন।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাড়ির মালিক সাব্বিরকে পলাতক আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শহরের ভেতরে এভাবে নকল বিড়ির গুদাম তৈরি ও বিক্রির ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। তারা প্রশাসনের কাছে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।