নিজস্ব প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে ধারের টাকা শোধ করতে না পারায় এক দম্পতিকে অপহরণ করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু সুফিয়ান ও মিল্লাত হোসেন নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৯ আগস্ট) শিবগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে শুক্রবার শিবগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, দম্পতিটি গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাড়া থাকতেন। স্বামী একজন শ্রমিক এবং মো. আজহার (৫০) নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। কিছুদিন পর আজহার টাকা ফেরত চাইতে থাকেন।
গত বুধবার ফের টাকা চাইলে স্বামী-স্ত্রী কিছুটা সময় চান। এতে ক্ষিপ্ত হয়ে আজহার, আবু সুফিয়ান জাকির (৪০), মিল্লাত হোসেন (৩৫) ও ফারুক হোসেন মিলে দম্পতির বাসায় গিয়ে জোর করে তাদের একটি অটোরিকশায় তুলে শিবগঞ্জের মোকামতলা এলাকায় নিয়ে যান।সেখানে স্বামীকে মারধর করে একটি ঘরে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
