আপিল বিভাগের রায় : সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফের সংবিধানে বহাল রেখে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন।বেঞ্চের অন্য বিচারপতিরা ছিলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।রায় ঘোষণার সময় আইনজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাস কক্ষ পূর্ণ হয়ে যায়।

১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বৈধতা নিয়ে প্রথম রিট দায়ের হয় ১৯৯৮ সালে। হাইকোর্ট ২০০৪ সালে এ ব্যবস্থাকে বৈধ ঘোষণা করলেও ২০১১ সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন। পরবর্তীতে সংসদ পাস করে পঞ্চদশ সংশোধনী, যেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়।সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ কয়েকজন বিশিষ্ট নাগরিক রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন।

বিএনপি, জামায়াতে ইসলামী এবং একজন মুক্তিযোদ্ধাসহ আরও কয়েকজনও পৃথকভাবে রিভিউ আবেদন দাখিল করেন। এসব আবেদন একসঙ্গে শুনানি শেষে আজ আপিল বিভাগ রায় ঘোষণা করে।শুনানিতে আপিলকারীদের পক্ষে বক্তব্য দেন ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জামায়াতের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।—