মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো নিরাপদ বের হওয়ার পথ নেই : সারজিস আলম।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টাকে দেখা যায় দায়িত্বে থেকেও কেবল নামমাত্র কাজ করেন— যেন কোনোভাবে নির্বাচন শেষ করেই দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এমন দায়সারা মানসিকতা নিয়ে কেউ যদি ভাবেন, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখানো কঠিন হবে। যারা এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে চান, তাদের জন্য মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নেই। তারা পৃথিবীর যেখানেই যান না কেন, বাংলাদেশের মানুষ তাদের খুঁজে বের করবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি।এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে কি না— এমন প্রশ্নের জবাবে সারজিস বলেন,“কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে যখন একাধিক রাজনৈতিক দল একই লক্ষ্যে কাজ করবে, তখন দেশের স্বার্থে ও জনগণের দাবির জায়গা থেকে একসঙ্গে নির্বাচনে যাওয়াও সম্ভব। এনসিপি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”তিনি আরও বলেন,“আওয়ামী লীগের যেকোনো সংস্করণ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আর কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। এনসিপি তা কখনোই মেনে নেবে না।

বাংলাদেশের ভালো মানুষরা চাইলে একত্রিত হয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন— এতে কোনো সমস্যা নেই।”নির্বাচন কমিশন প্রসঙ্গে সারজিস আলম বলেন,“ইসি এখন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে মরিয়া হয়ে আছে। অথচ তাদের অফিস বলতে টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া আর কিছু নেই। তাই রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে পুরনো মানদণ্ডে আর কাজ হবে না— সবকিছু যাচাই-বাছাই করেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।