নিজস্ব প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, একটি মহল পরিকল্পিতভাবে খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তার দাবি, ভারত বা ফ্যাসিস্টদের উস্কানিতে এসব ঘটনা ঘটছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা আরও বলেন, “কিছু সন্ত্রাসী পাহাড়ের উপর থেকে গুলি চালিয়েছে। এসব অস্ত্রের অনেকই দেশের বাইরে থেকে আসে, তবে আমি দেশের নাম উল্লেখ করতে চাই না। এসব রুখতে হলে সবার সহযোগিতা প্রয়োজন, আশা করি সবাই তা করবেন।”তিনি জানান, দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব চলছে।
সেটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। কিন্তু একটি মহল চেষ্টা করছে যাতে এই উৎসব ধর্মীয় উচ্ছ্বাসের সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন না হয়। খাগড়াছড়ির ঘটনাও সেই পরিকল্পনারই অংশ।আটকে পড়া পর্যটকদের প্রসঙ্গে তিনি বলেন, “খাগড়াছড়িতে আটকে থাকা অধিকাংশ পর্যটককে ইতিমধ্যে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।”এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
