পশ্চিম তীরের পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’ : জাতিসংঘ

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

জাতিসংঘ অধিকৃত পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতিকে “গভীরভাবে উদ্বেগজনক” বলে উল্লেখ করেছে। সংস্থাটি বলছে, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিলিস্তিনের পশ্চিম তীরের ক্রমবর্ধমান সংকট নিয়ে সতর্ক করেছেন। তিনি জানান, বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে উঠছে। জাতিসংঘের মানবিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে, ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান বাস্তুচ্যুতি, ঘরবাড়ি ধ্বংস এবং রাস্তার ক্ষতিসহ নানা বিপর্যয়ের সৃষ্টি করছে।

ডুজারিক আরও বলেন, আন্তর্জাতিক আইনকে সর্বদা সম্মান করা উচিত এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। এদিকে, গাজার পরিস্থিতি নিয়েও জাতিসংঘ সতর্কতা জারি করেছে। তারা বলছে, জরুরি সহায়তা দ্রুত পুনরায় চালু না হলে সেখানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরুর পর পশ্চিম তীরেও সহিংসতা চরমে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এখন পর্যন্ত ৯৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ৭ হাজার জন আহত হয়েছেন।

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সকল বসতি খালি করার আহ্বান জানায়।