নিজস্ব প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তিন শিক্ষার্থী ২০২৪-২৫ অর্থবছরের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন। গত মঙ্গলবার রাতে মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় তাদের নাম ঘোষণা করা হয়।
তাদের নির্মিত দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—‘একটি সিনেমার জন্য’ এবং ‘হু হ্যাজ মেড আস ফ্লাই?’—সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। মোট ২০টি স্বল্পদৈর্ঘ্য এবং ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে স্থান করে নেওয়া এই দুটি চলচ্চিত্র প্রত্যেকেই ২০ লাখ টাকা করে, অর্থাৎ মোট ৪০ লাখ টাকার সরকারি অনুদান পাচ্ছে।
‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক হলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাবের সভাপতি সাদমান শাহরিয়ার। একই ব্যাচের রাবী আহমেদ এই চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকারের দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ‘হু হ্যাজ মেড আস ফ্লাই?’ চলচ্চিত্রটির পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান।
অনুদান প্রসঙ্গে প্রযোজক সাদমান শাহরিয়ার বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রথম আমরা সরকারি অনুদান পেলাম। চলচ্চিত্র নির্মাণ একটি ব্যয়বহুল প্রক্রিয়া, এবং শিক্ষার্থী হিসেবে এই ব্যয় বহন করা খুবই কঠিন। এই অনুদানের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের চলচ্চিত্র নির্মাণে এক ধাপ এগিয়ে যেতে পারবো।” তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয় ও সরকারের পক্ষ থেকে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র নির্মাণে আরও বিশেষ বরাদ্দ দেওয়া উচিত, যেন আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ্ মো. নিসতার জাহান কবির বলেন, “একজন শিক্ষক হিসেবে আমি ভীষণ খুশি। আমি ওদের অভিনন্দন জানিয়েছি। গত কয়েক মাস ধরে আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করেছি, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল করেছি। আমাদের শিক্ষার্থীদের কাজ বিশ্বের বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছে। সর্বশেষ এই তিনজন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছে। আমার এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।”
এই অনুদান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা তাদের চলচ্চিত্র নির্মাণ স্বপ্ন পূরণে সহায়ক হবে।
