খাগড়াছড়িতে অবরোধ শিথিল, দূরপাল্লার বাস চলাচল শুরু।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিথিল করা হয়েছে। এ ঘোষণার পর জেলা শহর থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। তবে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় এখনও ১৪৪ ধারা বহাল রয়েছে এবং পরিস্থিতি থমথমে।জুম্ম ছাত্র-জনতা জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল থাকবে।

আন্দোলনের অন্যতম নেতা মনোতোষ ত্রিপুরা বলেছেন, শুধুমাত্র দুটি প্রধান সড়কের জন্য অবরোধ শিথিল করা হয়েছে, বাকি এলাকায় অবরোধ বহাল থাকবে। গুলিবিদ্ধ তিনজনের সৎকার শেষে আবারও অবরোধ কার্যকর হবে।খাগড়াছড়ি জেলাসদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, গুইমারায় গুলিতে নিহত তিনজনের মরদেহ হিমাগারে রাখা হয়েছে। তাদের সুরতহাল প্রতিবেদন এবং পরিচয় নিশ্চিত না হওয়ায় পোস্টমর্টেম এখনও সম্পন্ন হয়নি।

এদিকে অবরোধ শিথিলের ঘোষণার পর থেকে খাগড়াছড়ির বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। দুপুর ১২টার পর থেকে দূরপাল্লার বাস, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন ছেড়ে যেতে শুরু করেছে। যাত্রীদের বড় একটি অংশ খাগড়াছড়ি, সাজেকসহ বিভিন্ন পর্যটন এলাকায় বেড়াতে আসা পর্যটক।জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, খাগড়াছড়ি শহর ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে। অবরোধে আটকে থাকা পর্যটক ও যানবাহনগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।