আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গার আসাননগর গ্রামে ভ্যান চুরির অভিযোগকে কেন্দ্র করে দুদু (২২) নামের এক যুবককে সিনেমাটিক স্টাইলে তুলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটেছে।
নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। স্থানীয় সূত্রে জানা যায়, হাউসপুর গ্রামের হাফিজুরের ছেলে অন্তুরের ভ্যান গত শুক্রবার রাতে চুরি হয়। এ ঘটনায় দুদুর বিরুদ্ধে সন্দেহ করা হলে রোববার সকালে সুমন, আশিক, বায়োজিদ, রফিক, শাকিলসহ কয়েকজন দুদুর বাড়িতে গিয়ে তার মায়ের কাছে হত্যার হুমকি দিয়ে বলে, “যেখানেই পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে।
অভিযোগ রয়েছে, রোববার রাত ৯টার দিকে সংঘবদ্ধভাবে দুদুকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গা হাউসপুরে শরিফুলের ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত ঘোষণার পরে দ্রুত তাকে নিয়ে হাউসপুর বটতলায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডকে স্থানীয় সচেতন মহল ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত বর্বরতা হিসেবে আখ্যায়িত করেছেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হতে হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।”
