বাংলাদেশসহ তিন দেশে সহায়তা কার্যক্রম বন্ধ করল সুইজারল্যান্ড

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

সুইজারল্যান্ড সরকার বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি আলবেনিয়া ও জাম্বিয়াও রয়েছে।

সুইসভিত্তিক সংবাদমাধ্যম SwissInfo.ch-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দেশটির সরকারের অনুরোধে পার্লামেন্ট আন্তর্জাতিক সহায়তা তহবিলে বরাদ্দ কমিয়েছে। গত ডিসেম্বর মাসে এই বরাদ্দ কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়, যা সম্প্রতি সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল অনুমোদন দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে, সুইজারল্যান্ড ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে যাচ্ছে।

প্রতিবেদন অনুসারে, সুইস পার্লামেন্ট ২০২৫ সালে আন্তর্জাতিক সহায়তা বাজেট থেকে প্রায় ১২১ মিলিয়ন মার্কিন ডলার কমিয়েছে এবং ২০২৬ সালে বরাদ্দ আরও হ্রাস করার পরিকল্পনা করেছে। ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে মোট ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার বাজেট কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়ভিত্তিক সহায়তা কার্যক্রম প্রভাবিত হবে, পাশাপাশি বহুপাক্ষিক উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমেও পরিবর্তন আসবে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) ২০২৮ সালের মধ্যে তিনটি দেশে তাদের দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে। তবে, মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এবং ইউক্রেনের জন্য সুইজারল্যান্ডের সহায়তা অব্যাহত থাকবে।