নিজস্ব প্রতিনিধি:
কাতারের রাজধানী দোহায় চালানো ইসরাইলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সরকার কাতারের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরাইলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।
”বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় বাংলাদেশ কাতারের সরকার ও জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ হামলা আবারও প্রমাণ করে যে ইসরাইল আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তিকে অগ্রাহ্য করছে এবং আন্তর্জাতিক নিয়মকানুনকে অবজ্ঞা করছে।
এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করে।বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে—বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সব পক্ষকে—দায়বদ্ধতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।
