ভিপি নুরের জ্ঞান ফিরেছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে দেওয়া একটি স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।স্ট্যাটাসে বলা হয়, শুক্রবার রাতে হামলার শিকার হওয়ার পর থেকে নুর এখনও আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বর্তমানে তার কিছুটা জ্ঞান ফিরেছে এবং তার সুস্থতার জন্য সবার দোয়া চাওয়া হয়েছে।এর আগে শুক্রবার রাতেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে চিকিৎসকরা তাকে আইসিইউতে ভর্তি করেন।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের সময় গুরুতর আহত হন নুর।

রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।ঘটনার সূত্রপাত হয় রাত সোয়া ৮টার দিকে, যখন গণ অধিকার পরিষদের নেতারা দ্বিতীয় দফায় কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে জড়ো হন। তখন জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।এরপর সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে এলাকা ত্যাগ করতে নির্দেশ দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তারা না সরায়, ফলে সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে।