সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার।

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ২ years ago

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে হত্যাকাণ্ডের এক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর শহরের সেন্ট্রাল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শিবলী কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে নগরীর পোস্ট অফিস গলি এলাকায় অভিযান চালানো হয়। পরে তার ভাগ্নের বাসা থেকে তাকে আটক করা হয়। মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শিবলী কায়সার জানিয়েছেন, তাকে আদালতে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনে রিমান্ড আবেদন করা হতে পারে।

এর আগে, একই মামলায় গত ২৮ অক্টোবর তার ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকেও গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে মাহমুদুল হাসান মুন্না তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার বাড়ি থেকে বের হন। রংপুর শহরের মিনি সুপার মার্কেটের পাশে ভাঙা মসজিদের সামনে পৌঁছালে কিছু ব্যক্তি তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী মনে করে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়।

আক্রমণের ফলে গুরুতর আহত মুন্নাকে পথচারীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে, গত ২৯ আগস্ট মুন্নার বাবা আবদুল মজিদ রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ছাড়াও আরও কয়েকজন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়। মামলায় মোট ১২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।