এবার পুকুর থেকে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের ধোপাগুল এলাকার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান থাকায় এখনো সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ধোপাগুল এলাকায় একাধিক পুকুরে সাদাপাথর মজুত রাখা হয়েছে বলে গোপন তথ্য পাওয়া যায়।

সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধার শেষে মোট কত পাথর রয়েছে, তা জানা যাবে।এর আগে প্রশাসনের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়ার পর সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত মঙ্গলবার (২৬ আগস্ট) জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম এ বিষয়ে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করেন।