নিজস্ব প্রতিনিধি:
নরসিংদী জেলা দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে এক চুরির মামলায় সন্দেহভাজন আসামি পালিয়ে গেছেন।
সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা এবং দানা মিয়ার ছেলে।
নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় বিচারক রুবায়েত আক্তার শিফার এজলাসে লোডশেডিং চলছিল। অন্ধকারের সুযোগে রিয়াজুল ইসলাম হৃদয়, যিনি একটি অটোরিকশা চুরির মামলায় একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন, কাঠগড়া থেকে পালিয়ে যান।
রায়পুরা থানা পুলিশ গত ৭ জুলাই তাকে গ্রেপ্তার করেছিল।
পরিদর্শক আরও জানান, হৃদয়ের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট থানা ও নিরাপত্তা সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
