থানায় এএসআইকে ছুরিকাঘাত, পেছনের পুকুরে মিললো হামলাকারীর লাশ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরি নিয়ে হামলা চালানো এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে থানার পেছনের একটি পুকুর থেকে।শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করেন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই অজ্ঞাত যুবক সাঘাটা থানায় প্রবেশ করে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করেন এবং তাঁর কাছে থাকা রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

হামলার পর ওই যুবক থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করেন।ঘটনার পর রাতভর পুলিশ ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করেও তাঁকে খুঁজে পায়নি। পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।ওসি বাদশা আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাঁর পরিচয় শনাক্তে কাজ চলছে।আহত এএসআই মহসিন আলীকে তাৎক্ষণিকভাবে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।