মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অভিযোগ গ্রহণের পর ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

এর আগে একই দিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের দপ্তরে প্রসিকিউশনের পক্ষ থেকে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মামলার অন্য অভিযুক্তরা হলেন— নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।